ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ছিল এস এম জাহাঙ্গীর হোসেন।
তার এই মনোনয়ন প্রাপ্তির পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সদস্য সচিব ও উত্তরা থানা যুবদলের সাবেক সভাপতি আজমল হুদা মিঠু।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনে মনোনয়ন নিয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ আরও কয়েকজন আলোচনায় ছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এস এম জাহাঙ্গীর হোসেনকেই চূড়ান্তভাবে বেছে নিয়েছে বিএনপির হাইকমান্ড।
মনোনয়ন ঘোষণার পর এস এম জাহাঙ্গীর হোসেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই আসনে দলের জয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, এস এম জাহাঙ্গীরের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। আজমল হুদা মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে তাৎক্ষণিক শুভেচ্ছা জানান এবং নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।