বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ সংসদীয় আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং এস এম জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের আরও ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশের সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করেন। এর আগে, এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছিল।
এদিকে, এস এম জাহাঙ্গীরের মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, "ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে দলীয় প্রার্থী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই সিদ্ধান্ত দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করেছে"।
আলাউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তার নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক এলাকা, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত। এর আগে ২০২০ সালের উপনির্বাচনেও বিএনপি এই আসনে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছিল।