নিজস্ব প্রতিবেদক, উত্তরা:
রাজধানীর উত্তরায় সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারী এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ আমরা এমন এক মহীয়সী নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সমবেত হয়েছি, যিনি দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সারা জীবন উৎসর্গ করেছেন। তিনি ছিলেন তিন বারের প্রধানমন্ত্রী, কিন্তু তাঁর সাধারণ জীবনযাপন এবং দেশের প্রতি মমত্ববোধ তাকে বিশ্বনেতৃত্বের আসরে আসীন করেছে। আজ দেশ যখন কঠিন সময় পার করছে, তখন তাঁর আদর্শই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।"
তিনি আরও বলেন, "ব্যবসায়ীরা হলো দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতি যে মহতী উদ্যোগ নিয়েছে, তা প্রমাণ করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আজ দেশনেত্রীর অবদানকে কতটা গভীরভাবে শ্রদ্ধা করে। বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে তাঁর দেখানো পথে চলেই আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির (উত্তরা জোন) সাধারণ সম্পাদক জনাব জাহেদুল ইসলাম পরশ। এছাড়াও বিভিন্ন থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন।
সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির (উত্তরা জোন) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কুতুব কলির (Kutob Koli) দক্ষ সঞ্চালনায় সভাটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে মার্কেটের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।